সাটুরিয়ায় পিকআপের চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় স্বপ্না আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার তিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপ্না মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি উপজেলার তিল্লি ইউনিয়নের দক্ষিণ আয়নাপুর গ্রামের আবদুল হালিম মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বাড়ি থেকে জেলা শহরে যাওয়ার পথে তিল্লি এলাকার কালগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু থেকে নামার সময় একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এতে স্বপ্না গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।