সাড়ে চার লাখ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৫
কক্সবাজারে একটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় ১৮ কোটি টাকা মূল্যের সাড়ে চার লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে ওই ট্রলারের পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার সন্ধ্যায় র্যাব ওই অভিযান চালায়।
তবে জেলেরা জানিয়েছেন, ট্রলার থেকে ১০ জনকে আটক করা হয়। অপর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরদিন মঙ্গলবার র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের জেসিও মো. সোলায়মান বাদী হয়ে পাঁচ জেলেসহ ছয়জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, সোমবার বিকেলে র্যাবের টহল দল জানতে পারে, সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা মাছ ধরার ট্রলারে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছেন। সন্ধ্যা ছয়টায় কলাতলীর কাছে র্যাব সদস্যরা দেখতে পান, টেকনাফের দিক থেকে একটি ট্রলার আসছে। ট্রলারটিকে থামার সংকেত দিলে সেটি দ্রুতগতিতে ছুটতে থাকে। একপর্যায়ে ধাওয়া করে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উত্তর নুনিয়াছটা বিআইডব্লিউটিএর ল্যান্ডিং স্টেশনে (ঘাটে) ট্রলারটিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে গোলাপি রঙের ৪ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। পরে র্যাব ওই ট্রলার থেকে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ছাটার মৌলভীপাড়ার জেলে জাফর আলম (৫২), আনোয়ারা উপজেলার উত্তর পড়ুয়াপাড়ার নুরুল আলম (৩০), মো. জাফর (৪৮), মো. মুছা (৪০) এবং পূর্ব গহিরার মো. শফিকুল ইসলামকে (২৭) আটক করে। ইয়াবার চালানটি চট্টগ্রামের পটিয়া উপজেলার কাগজিপাড়ার বাসিন্দা মো. চান মিয়া সওদাগরের বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলায় তাঁকে পলাতক আসামি দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া জেলে জাফর আলম, নুরুল আলম, মো. মুছা দাবি করেন, সোমবার সকাল সাতটার দিকে মিয়ানমার উপকূল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা এসে তাঁদের ট্রলারের সঙ্গে ভেড়ে। ওই নৌকা থেকে এক ব্যক্তি ট্রলারটির মাঝি (সারেং) আনোয়ারা উপজেলার মো. ছৈয়দের হাতে একটি প্লাস্টিকের গ্যালন তুলে দেন। ছৈয়দ মাঝি সেটি মাছ ধরার জালের নিচে লুকিয়ে রাখেন এবং অপর চার জেলে মো. আজিজ, আবছার, সবুর ও আবদুল হক পাহারা বসান। এর কারণ জানতে চাইলে ছৈয়দ মাঝি তাঁদের চুপ থাকতে বলেন। দুপুরে মাছ না ধরেই ট্রলারটি চট্টগ্রামের দিকে রওনা দেয়। সন্ধ্যায় কক্সবাজার উপকূলে এসে র্যাবের হাতে ট্রলারটি ধরা পড়ে। র্যাব ইয়াবাসহ ট্রলারের ১০ জনকে ধরলেও থানায় হস্তান্তর করে পাঁচজনকে। ইয়াবার চালান ও ট্রলারের মালিক কে, তা জানেন ছৈয়দ মাঝি। ইয়াবা চোরাচালান সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না বলে গ্রেপ্তার জেলেরা দাবি করেন।
তবে র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের প্রধান মেজর মো. মহিউদ্দিন দাবি করেন, র্যাবের অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছিল। অপর পাঁচজনের ব্যাপারে তিনি কিছু জানেন না। আটক ওই পাঁচ ব্যক্তিসহ জব্দ করা ট্রলারটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার ওই পাঁচ জেলেকে গতকাল বিকেলে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।