সাড়ে ৪ লাখ ইয়াবা বড়িসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

মিয়ানমার থেকে পাচারের সময় কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা বড়ি, ৯ লাখ ৫১ হাজার মিয়ানমার কিয়াতসহ (মুদ্রা) তিনজন পাচারকারীকে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় একটি নৌকা জব্দ করা হয়েছে।
আজ সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ৫ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ইয়াবা পাচারের সময় নৌকাটি জব্দ করা হয়। আটক তিনজন হলেন মিয়ারমারের আকিয়াবের অন ডাইং এলাকার বাসিন্দা এ থং সা (৬৭), একই গ্রামের মৌং চোং অং (৫১) ও পেলিসং এলাকার মোহাম্মদ ইসাহাক (৪৮)।
বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, ‘দুই দিন ধরে কোস্টগার্ডের কাছে তথ্য ছিল, সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান পাচার হবে। তারই সূত্র ধরে আমি ও সেন্ট মার্টিন কোস্টগার্ডের স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার রেদোয়ান উল ইসলামের নেতৃত্বে যৌথভাবে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়।

আমিরুল হক আরও বলেন, সোমবার রাত আড়াইটার দিকে মিয়ানমার সীমানা থেকে একটি কাঠের নৌকা উদ্দেশ্যহীনভাবে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সাগরে বাংলাদেশ জলসীমানায় কোনো ধরনের সংকেতবাতি ছাড়াই আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামাতে সংকেত দেন এবং ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে আনুমানিক সাড়ে তিনটার দিকে কোস্টগার্ড সদস্যরা তিনজন মাঝিমাল্লাসহ নৌকাটি আটক করতে সক্ষম হন। পরে নৌকা ও বস্ত্রসামগ্রী তল্লাশি করে ৯ লাখ ৫১ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা), ৩টি প্লাস্টিকের বস্তায় প্যাকেটের ভেতর থেকে ৪ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।’
জিজ্ঞাসাবাদে তাঁরা বলেন, তাঁরা প্রত্যেকেই স্থায়ীভাবে মিয়ানমারের নাগরিক ও দীর্ঘদিন ধরেই তাঁরা সাগরপথে এভাবে ইয়াবা পাচার করছিলেন।
কমান্ডার আমিরুল হক বলেন, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক ও বৈদেশিক নাগরিক আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।