সাত কবির কবিতা নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সাতজন কবির কবিতা নিয়ে ২২ আগস্ট বই বিপণিকেন্দ্র বাতিঘরে অনুষ্ঠিত হয় ‘কবি ও কবিতা’ শিরোনামে কবিতা পাঠের আসর। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই আসরে কবিতা পাঠ করেন কবি এজাজ ইউসুফী, ভাগ্যধন বড়ুয়া, শাহিদ হাসান, আহমেদ মুনির, প্রান্ত পলাশ, স্বরূপ সুপান্থ ও সারাফ নাওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ওমর কায়সার। স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ।
অনুষ্ঠানে সাতজন কবিই একাধিক কবিতা পড়ে মুগ্ধ করেন দর্শক-শ্রোতাদের। শুরুত ‘সমুদ্রের মধ্যে দৌড়াতে চেয়েছি’ ও ‘সে শহরে নাই’ শিরোনামে একগুচ্ছ কবিতা পড়েন স্বরূপ সুপান্থ। এরপর শাহিদ হাসান শোনান ‘খরাকালের মুঘল’সহ তিনটি কবিতা। সারাফ নাওয়ার পাঠ করেন ‘শাণিত চোখ’, ‘কোনো যুবক’সহ পাঁচটি কবিতা।
অনুষ্ঠানে দর্শকদের হৃদয় জয় করেছেন তরুণ কবি প্রান্ত পলাশ। ‘জরায়ুর কান্না’ সিরিজের পাঁচটি কবিতা পড়েন তিনি। দর্শকেরাও আবিষ্কার করেন তাঁর কবিতার স্বতন্ত্র স্বর।
এরপর আহমেদ মুনির পাঠ করেন চারটি কবিতা। আসরের শেষে ছিল ছোট পত্রিকা লিরিক–এর সম্পাদক ও কবি এজাজ ইউসুফীর পাঠ। ‘বঙ্গবন্ধুর জন্য এলিজি’, ‘বিনির্মাণ’, ‘অজল’, ‘তিথির ছায়াতলে’সহ বেশ কয়েকটি কবিতা পড়েন তিনি। আসরের শেষে কবি বিশ্বজিৎ চৌধুরী তাঁর প্রতিক্রিয়া তুলে ধরেন।