সাত কিলোমিটারে ঝুঁকিপূর্ণ চারটি বাঁক, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনাপ্রবণ বাঁকে স্থাপন করা সাইন‌বোর্ড। গতকাল দুপুরে রশীদপুর এলাকায়
ছ‌বি: প্রথম আলো

সিলেটের দক্ষিণ সুরমার রশীদপুরে সিলেট-ঢাকা মহাসড়কে গত ২৬ ফেব্রুয়ারি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হন। আহত হন ১৫ জন। সর্বশেষ গত সোমবার রাতে রশীদপুরে বাসের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, মহানগর পুলিশের আওতাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রশীদপুর থেকে অতিরবাড়ি এলাকা পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার সড়ক দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই বড়-ছোট দুর্ঘটনা ঘটছে। তাই দুর্ঘটনা রোধে মহাসড়কের এই অংশে চারটি ঝুঁকিপূর্ণ বাঁক চিহ্নিত করেছে ট্রাফিক বিভাগ। গত মঙ্গলবার থেকে বাঁকগুলো সম্পর্কে চালকদের সতর্ক করতে সড়কের ১৬টি স্থানে সাইনবোর্ড বসানো হয়েছে।

ট্রাফিক বিভাগ জানায়, সড়কে অতিরবাড়ি, সাতমাইল ও রশীদপুরে চারটি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। বাঁকগুলোতে যাওয়ার আগেই সড়কের দুই পাশে বসানো হয়েছে সতর্কবার্তাসংবলিত সাইনবোর্ড।

দুর্ঘটনাপ্রবণ বাঁক ও মোড়গুলোতে সড়ক বিভাজক স্থাপনের অনুরোধ জানিয়ে সিলেট সড়ক ও জনপথ বিভাগে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার ফয়সল মাহমুদ বলেন, এসব দুর্ঘটনাপ্রবণ স্থানে সড়ক বিভাজক স্থাপন ও চালকেরা সতর্কতার সঙ্গে যানবাহন চালালে দুর্ঘটনা কমে আসবে।

সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ওই স্থানগুলোতে এখন সড়ক বিভাজক স্থাপন সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তবে আগামী জুন মাসের মধ্যে ওই স্থানগুলোতে জনসচেতনতা এবং যানবাহনের চালকদের সতর্ক এবং সচেতন করতে জেব্রাক্রসিং, রাতে সড়ক বিভাজকের মতো দৃশ্যমান ‘সিগন্যাল’ স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সড়ক বিভাজক স্থাপন কেন সম্ভব হচ্ছে না, জানতে চাইলে তিনি বলেন, মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার প্রকল্প চলমান। সে জন্য সেখানে নতুন করে সড়ক বিভাজক স্থাপন করার পর আবার ভেঙে ফেলতে হবে। এ জন্য আপাতত সেখানে সড়ক বিভাজক স্থাপনের পরিকল্পনা নেই।