নিজেদের মধ্যে আর দ্বন্দ্ব-সংঘাত নয়—ছয় দিন আগে এমন সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজ ছাত্রলীগের বিবদমান বিভিন্ন পক্ষ। কিন্তু সপ্তম দিনে এসে ঐক্য ভুলে আবার সংঘাতে জড়াল ছাত্রলীগের দুটি পক্ষ। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজনের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়।
এ নিয়ে গত ৪০ দিনের মধ্যে চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজে ছাত্রলীগের মধ্যে চারবার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা দোলন দে ও সুভাষ মল্লিকের অনুসারীদের মধ্যে গতকাল সংঘর্ষ হয়। দোলন দে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সুভাষ মল্লিক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের অনুসারী।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগে অন্তত পাঁচটি পক্ষ সক্রিয়। এসব পক্ষের মধ্যে প্রায় নিয়মিতই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। কখন ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বাধে, এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের পাশের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আতঙ্কে থাকে। নগরের চকবাজার এলাকায় চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজের অবস্থান। ছাত্রলীগের সংঘর্ষের কারণে আতঙ্কে থাকতে হয় চকবাজার এলাকার ব্যবসায়ীদেরও।
জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ আগস্ট চকবাজার এলাকার ইসলামি সমাজকল্যাণ পরিষদের কার্যালয় বন্ধের দাবিতে চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজ শাখা ছাত্রলীগের সব পক্ষ একসঙ্গে মিছিল-সমাবেশ করে। সেদিন নিজেদের মধ্যে সংঘাতে না জড়ানোর বিষয়েও ঐকমত্যে পৌঁছান বিবদমান সব পক্ষের নেতারা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল দুপুর ১২টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে দোলনের অনুসারী অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র মোবাশ্বের এলাহী এবং তাঁর ভাই তোফাজ্জেল এলাহীর (স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র) ওপর সুভাষের অনুসারীরা হামলা চালান। এ সময় তোফাজ্জেল দৌড়ে রক্ষা পেলেও তাঁর ভাইকে মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে তাঁর মাথার এক পাশ থেঁতলে দেওয়া হয়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
তবে সুভাষের দাবি, মোবাশ্বের কয়েকজন বহিরাগত নিয়ে তাঁর অনুসারীদের ওপর হামলা করেন। এতে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হেলাল উদ্দিন ও দ্বিতীয় বর্ষের মো. মামুনুর রশিদ আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলাল ও মামুনুর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে গুরুতর আহত মোবাশ্বের হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তাঁর অবস্থা আপাতত আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।
মোবাশ্বের ও তোফাজ্জেলের বড় ভাই মোদাচ্ছের এলাহী চমেক হাসপাতালে প্রথম আলোকে বলেন, মোবাশ্বের রাজনীতি না করলেও তোফাজ্জেল কিছুদিন ছাত্রলীগের একটি পক্ষের সঙ্গে যুক্ত। অন্য পক্ষ হুমকি দেওয়ায় কয়েক দিন ধরে দুই ভাই কলেজে যাচ্ছিলেন না। শনিবার একটি কাজে দুই ভাই একসঙ্গে কলেজে যান। তখন অন্য পক্ষের কর্মীরা হামলা করেন।
হামলার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা প্রথম আলোকে বলেন, দোলন দে ও সুভাষ মল্লিকের অনুসারীরা আগে একটি পক্ষে ছিলেন। দোলন দের অনুসারীরা সম্প্রতি সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর পক্ষে রাজনীতি শুরু করেন। পক্ষ ত্যাগ করায় সুভাষ মল্লিকের অনুসারীরা দোলনের অনুসারীদের ওপর হামলা করেন।
এদিকে বারবার সংঘর্ষের জন্য পুলিশ ও কলেজ প্রশাসনের নির্বিকার ভূমিকাকে দায়ী করেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম। তিনি প্রথম আলোকে বলেন, হামলা ও মারামারির ঘটনায় পুলিশ ও কলেজ প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের সিদ্ধান্ত নিতে হবে চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজে কারা ছাত্রলীগের রাজনীতি করবেন। যদি বহিরাগতরাই দুটি কলেজের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে দ্বন্দ্ব-সংঘাত কখনোই থামবে না। কলেজ দুটিতে ছাত্রলীগের কোনো কমিটি না থাকায় কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
এ বিষয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম প্রথম আলোকে বলেন, কমিটি না থাকায় যে যাঁর মতো করে রাজনীতি করছেন। কোনো শৃঙ্ক্ষলা নেই। কারও কোনো জবাবদিহিও নেই। মাহমুদুল করিম মহিউদ্দিনের অনুসারী।
তবে ছাত্রদের সংঘর্ষ বন্ধ করার ব্যাপারে কলেজ প্রশাসন সচেতনভাবে চেষ্টা করে যাচ্ছে বলে জানান চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, হামলার ঘটনার ব্যাপারে সংশ্লিষ্টরা কেউ অভিযোগ করেন না। ফলে তাঁরা জানতেও পারেন না কে হামলা করেছেন, কে আহত হয়েছেন।
এর আগে গত ১১ ও ১২ জুলাই চট্টগ্রাম কলেজে মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষ হয়। এর মধ্যে ১২ জুলাই সংঘর্ষের সময় এক যুবককে অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা যায়। সেই যুবকের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে তাঁকে গ্রেপ্তারও করা যায়নি। এরপর ৫ আগস্ট মুহসীন কলেজে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন এবং বর্তমান মেয়রের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। তখন আটজন আহত হন।