পাবনা জেলা আওয়ামী লীগ
সাত বছর পর সম্মেলন, পদ নিয়ে জল্পনা–কল্পনা
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে প্রায় ২০ জন আলোচনায় রয়েছেন।
দীর্ঘ প্রায় সাত বছর পর ১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। সভাপতি-সম্পাদকসহ কে কোন পদে যাচ্ছেন, এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
পাবনা পুলিশ লাইনস মাঠে হবে এই সম্মেলন। সেখানে চলছে নানা প্রস্তুতি। জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরের প্রতিটি প্রবেশপথ থেকে শুরু করে সম্মেলনস্থল পর্যন্ত পোস্টার-ব্যানারে ঠাসা সড়কগুলো। ট্রাফিক আইল্যান্ড থেকে বৈদ্যুতিক তারের খুঁটি, কোথাও জায়গা খালি নেই আর। পুরো শহর এখন রঙিন বিলবোর্ডের দখলে। অন্যদিকে শহরের বিভিন্ন সড়কে তৈরি করা হয়েছে বড় বড় তোরণ। মধ্য শহরে দলীয় কার্যালয়সহ আশপাশের ভবনগুলোতে হয়েছে আলোকসজ্জা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় কার্যালয়ে চলছে নেতা-কর্মীদের আনাগোনা।
দলীয় নেতা-কর্মীরা বলেন, ২০১৪ সালের ২০ ডিসেম্বর সর্বশেষ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১৩ মাস পর ৯৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বেলা ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রহমান সম্মেলনের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদ কে পাবেন, তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বেশি আলোচনা চলছে। দুটি পদে প্রায় ২০ জন আলোচনায় রয়েছেন।
তাঁদের মধ্যে সভাপতি পদের ‘হেভিওয়েট’ প্রার্থী দলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম। এ ছাড়া আরও আলোচনার রয়েছেন সহসভাপতি ও পাবনা-১ আসনের সাংসদ শামসুল হক, সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক, উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইদ্রিস আলী বিশ্বাস, পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম, জেলা কৃষক লীগের সভাপতি তৌফিকুল আলমসহ বেশ কয়েকজন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বেশি আলোচনায় আছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক ও পাবনা-১ আসনের সাংসদ গোলাম ফারুক। অন্যদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত আলী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান প্রমুখ।
দলীয় কর্মীরা বলেন, সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশী নেতা ও তাঁদের সমর্থকেরা জেলা শহরে পোস্টার ব্যানার টাঙিয়েছেন। নেতাদের অনেকে আবার ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সমর্থন পেতে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। জেলা ছাত্রলীগের সাবেক নেতা সেলিম হোসেন জানান, সম্মেলনকে কেন্দ্র করে দলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পদের জন্য ভেতরে-ভেতরে সবাই চেষ্টা চালালেও, বাইরে সবার হাসিমুখ দেখা যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, দলে দুই ধরনের নেতা রয়েছেন। কেউ তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছেন, কেউ ব্যবসায়ী ও আমলা। তবে আওয়ামী লীগে সব সময় তৃণমূল থেকে উঠে আসা নেতাদের গুরুত্ব বেশি রয়েছে। সে মূল্যায়নে তিনি দলের ও জেলাবাসীর ভালোবাসা পেয়েছেন। এবারও পাবেন বলে আশা করছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম বলেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন। জীবনের শেষ দিন পর্যন্ত দলের হয়ে কাজ করবেন। দলীয় সভানেত্রী যে সিদ্ধান্ত দেবেন, তাঁরা সেটাই মেনে নেবেন। দলের প্রত্যেক নেতাই এ সিদ্ধান্ত মেনে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।