সাত বছরেও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত গার্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন জেটির ক্ষতিগ্রস্ত গার্ডার দুটি সাত বছরেও সংস্কার করা হয়নি। এ কারণে পর্যটকদের ঝুঁকি নিয়ে জাহাজে ওঠানামা করতে হচ্ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, চলতি পর্যটন মৌসুম শুরু হওয়ার পর টেকনাফ থেকে ছয়টি জাহাজ ও অর্ধশতাধিক ট্রলারে করে প্রতিদিন হাজারো পর্যটক সেন্ট মার্টিনে আসছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত ওই জেটি দিয়ে পর্যটকদের জাহাজে ওঠানামার সময় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের আঘাতে জেটির দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়।
সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত গার্ডার রশি দিয়ে জেটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর ওই ক্ষতিগ্রস্ত গার্ডারের ওপর দিয়ে পর্যটকেরা ঝুঁকি নিয়ে জাহাজে ওঠানামা করছেন।
এলজিইডি সূত্র জানায়, ২০০২-০৩ অর্থবছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে সাড়ে তিন শ মিটার দৈর্ঘ্যের এই জেটি নির্মাণ করা হয়। পরে এটির তদারকির দায়িত্ব দেওয়া হয় জেলা পরিষদকে। ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের সময় ঢেউয়ের তোড়ে জেটির পার্কিং পয়েন্ট পুরোপুরি বিধ্বস্ত ও দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। পরে পার্কিং পয়েন্ট সংস্কার করা হলেও গার্ডার দুটি সংস্কার করা হয়নি।
টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক আজিজুল হক বলেন, প্রতিনিয়ত পর্যটক ও স্থানীয়দের কাছ থেকে টোল আদায় করা হলেও জেটির গার্ডার সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তিনি বলেন, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত জেটির সংস্কার করা দরকার।
জেটির ইজারাদার সৈয়দ আলম বলেন, ক্ষতিগ্রস্ত গার্ডার সংস্কারের জন্য জেলা পরিষদকে একাধিকবার বলা হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে কক্সবাজার জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।