সাত মাস ধরে নষ্ট অ্যাম্বুলেন্স, হয় না ইসিজি ও এক্স-রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মাস ধরে অ্যাম্বুলেন্স বিকল। ইসিজি ও এক্স–রে যন্ত্রও অকেজো পড়ে আছে। পাশাপাশি যাতায়াতের রাস্তা ভাঙাচোরা হওয়ায় দুর্ভোগে পড়েন রোগীরা। এই চিত্র খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের। নানা সমস্যার কারণে ব্যাহত হচ্ছে এই হাসপাতালের চিকিৎসাসেবা।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্স সাত মাস ধরে অচল হওয়ায় রোগী পরিবহনে সমস্যা হচ্ছে। বিদ্যুতের ভোল্টেজ কম থাকার কারণে এক্স-রে যন্ত্র চালানো যায়নি। ইসিজি যন্ত্রটিও বাক্সবন্দী হয়ে পড়ে আছে। পানি সরবরাহের জন্য দুটি বৈদ্যুতিক মোটরের মধ্যে একটি দীর্ঘ দিন ধরে বিকল। বর্তমানে যেটি চলছে সেটিও বার বার মেরামত করে চালু রাখা হচ্ছে।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল আলম জানান, হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি গত ১৩ এপ্রিল থেকে অকেজো অবস্থায় আছে। সরকারি নীতিমালার কারণে অ্যাম্বুলেন্স মেরামতে দেরি হচ্ছে। তিনি আরও বলেন, বিদ্যুতের কম ভোল্টেজের কারণে এক্স-রে করা যায় না। ইসিজি যন্ত্র এখনো স্থাপনই (ইনস্টল) করা হয়নি। পানি সরবরাহের জন্য দুটি বৈদ্যুতিক মোটর থাকেলও বর্তমানে একটি মাত্র মোটর চালু আছে। আর হাসপাতালের রাস্তাটি সরু ও ভাঙাচোরা হওয়ায় রোগীদের চলাচলে অসুবিধা হচ্ছে।
হাসপাতালে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকার বাসিন্দা জমির উদ্দিন (৫৩) প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ঈদের আগে তাঁর ভাইয়ের স্ত্রী গর্ভকালীন জটিলতা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে গিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালের অ্যাম্বুলেন্স না থাকায় ব্যক্তিগত গাড়িতে করে তাকে খাগড়াছড়ি নেওয়া হয়েছিল। জমির উদ্দিন আরও বলেন, অ্যাম্বুলেন্স না থাকায় রোগীদের জীবনের ঝঁুকি বাড়ার পাশাপাশি তাঁরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাসপাতালের রাস্তা সরু ও ভাঙাচোরা বলে স্বীকার করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী। তিনি বলেন, পৌরসভা এটি মেরামত বা সংস্কার করতে পারে। কিন্তু এ রাস্তায় একটি ঝুঁকিপূর্ণ কালভার্ট রয়েছে সেটি নির্মাণ বা রক্ষণাবেক্ষণ করার আর্থিক ক্ষমতা পৌরসভার নেই। সেই কারণে রাস্তাটির সংস্কার এখনো ঝুলে আছে।