সাতকানিয়ায় এলডিপির ইফতার মাহফিলে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সরকার দলীয় সংগঠনের লোকজনের বিরুদ্ধে এলডিপির ইফতার মাহফিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আজ বিকেলে কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে সরকারদলীয় সংগঠনের লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন (৫০) আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলডিপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ উপজেলা এলডিপির আয়োজনে সাতকানিয়া রিসোর্ট কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বিকেল ৫টার দিকে হঠাৎ ৪০ থেকে ৫০ ব্যক্তি কমিউনিটি সেন্টারে গিয়ে ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলেন ও অতিথিদের টেবিল উল্টিয়ে দেন। এ সময় ইফতার মাহফিল আয়োজনের দায়িত্বে থাকা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের ওপর হামলা করা হয়। হামলায় জসিম উদ্দীনের মাথা ফেটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠান ছাড়াই ইফতার মাহফিল শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ইফতার মাহফিলে দলের সভাপতির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার আগে সরকারদলীয় কিছু লোক অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে এলডিপি নেতা-কর্মীদের হুমকি-ধমকি দেন। তাঁরা ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি মঞ্চে তাণ্ডব চালান। হামলা চালিয়ে এলডিপি নেতা জসিমের মাথা ফাটিয়ে দেওয়া হয়।

জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এলডিপির ইফতার মাহফিলের কাছাকাছিও যায়নি। বিএনপি ও এলডিপি নেতাদের মধ্যে গ্রুপিংয়ের কারণে মারামারিসহ জসিমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, এলডিপির ইফতার মাহফিল শুরুর আগে অতর্কিতে কিছু লোক এসে মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং মঞ্চের আসবাব ওলটপালট করে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের সহযোগিতায় এলডিপি নেতারা ইফতার মাহফিল শেষ করেছেন। এ ঘটনায় কারা জড়িত, এলডিপি নেতারাও স্পষ্ট করে কিছু বলেননি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।