সাতকানিয়ায় কেরানীহাট নিউমার্কেটে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট নিউমার্কেটে আজ শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে কেরানীহাট নিউমার্কেটের দ্বিতীয় তলায় ক্যান্ডি নামের একটি রেস্তোরাঁয় হঠাৎ আগুন জ্বলে ওঠে। পরে আগুন পাশের বনফুল কোম্পানি লিমিটেডের শাখায় ছড়িয়ে পড়ে। এ সময় পুরো মার্কেটের দ্বিতীয় তলাসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসসহ চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের চারজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁরা স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহর মুল্লুক রাশেদ প্রথম আলোকে বলেন, আগুনে নিউমার্কেটের দক্ষিণ পাশের দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কিছুদিন আগে ওই দোকান দুটিতে নতুন করে সাজসজ্জার কাজ করা হয়েছিল। অগ্নিকাণ্ডে মার্কেটের আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে মার্কেটে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম জোন-২-এর উপসহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। কেরানীহাট নিউমার্কেটসহ আশপাশের এলাকায় কোনো পুকুর বা জলাশয় নেই। ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একসঙ্গে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে না পারলে আগুন পুরো মার্কেটসহ আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।