সাতকানিয়ায় জামায়াত ক্যাডার গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গত মঙ্গলবার রাতে আবদুল মাবুদ নামের এক জামায়াত ক্যাডার গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জামায়াতের নেতারা আওয়ামী লীগকে দায়ী করেছেন। তবে আওয়ামী লীগ বলছে, দলীয় বিরোধের কারণেই মাবুদকে গুলি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ওয়াইদার পাড়া এলাকায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল মাবুদ। এ সময় মুখোশ পরা ১৪-১৫ জন সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে মাবুদকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে পুলিশ মাবুদকে আটক করে।
পুলিশের দাবি, হত্যা, পুলিশের ওপর হামলাসহ ১৬ মামলার পলাতক আসামি মাবুদ। তার সঙ্গে জামায়াতের আরেক পলাতক ক্যাডার বশরের অবৈধ অস্ত্রের লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ কারণে বশর ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা শিবিরের সভাপতি মো. তৌফিক এলাহী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামায়াত কর্মী মাবুদকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। পরে পুলিশ আহত অবস্থায় তাকে আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।’
তবে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাতকানিয়ায় এযাবৎ জামায়াত-শিবিরের সন্ত্রাসীরাই আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। এ ঘটনায় আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। নিজেদের মধ্যে অবৈধ অস্ত্রের লেনদেন নিয়ে মাবুদ গুলিবিদ্ধ হয়েছে।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, জামায়াত ক্যাডার মাবুদকে উদ্ধার এবং আটক করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক আরেক জামায়াত ক্যাডার বশরের অবৈধ অস্ত্র ফেরত না দেওয়ায় বশর ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।