সাতকানিয়ায় আ.লীগ প্রার্থীর প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিনের প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে ধর্মপুরের চাঁদেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার রাতে ধর্মপুরের ফকিরপাড়া এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউপিতে ভোট হবে। এর মধ্যে চারটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটি ইউপিতে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ১১টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিদ্রোহী প্রার্থীরা। ইতিমধ্যে ১৭ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গতকাল বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ নৌকা প্রতীকের সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা ও গণসংযোগে ব্যস্ত ছিলাম। রাত আটটার দিকে নৌকা প্রতীকের প্রচারণার একটি সিএনজিচালিত অটোরিকশা বিশ্বহাট এলাকা হয়ে মাইকিং করতে করতে মাস্টারহাটের দিকে যাচ্ছিল। প্রচারণার অটোরিকশাটি চাঁদেরপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর আট থেকে দশজন সমর্থক অতর্কিতে হামলা চালিয়ে প্রচারণার গাড়ির কাচ ও মাইক ভাঙচুর করে পালিয়ে যান।’

জানতে চাইলে ধর্মপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো এলাকায় যেতে পারিনি। তা ছাড়া এলাকায় আমার জনপ্রিয়তা থাকলেও ভয়ে আমার কর্মী-সমর্থকেরা প্রকাশ্যে প্রচার-প্রচারণা করতে সাহস পাচ্ছেন না। সেখানে আমার লোকজন প্রচারণার গাড়ি ভাঙচুর করেছেন, এ কথা পুরোপুরি মিথ্যা। তাঁরা মিথ্যা অভিযোগ এনে এর আগেও আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁরা নিজেরাই নৌকার প্রচারণার গাড়ি ভাঙচুর করে আমাদের এলাকাছাড়া করার জন্য একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করে চলেছেন।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, নৌকা প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।