সাতকানিয়ায় আ.লীগের দুই প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুটি ইউপির স্বতন্ত্র দুই প্রার্থী।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা হলেন বাজালিয়া ইউপির আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাপস কান্তি দত্ত এবং কাঞ্চনা ইউপির আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রমজান আলী। তাঁদের মধ্যে তাপস কান্তি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং রমজান আলী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।
অভিযোগকারী প্রার্থীদের একজন হলেন বাজালিয়া ইউপির আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ শহিদুল্লাহ চৌধুরী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অন্যজন হলেন কাঞ্চনা ইউপিতে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে আসা মঈন উদ্দীন হাসান। তিনি জামায়াতপন্থী হিসেবে পরিচিত।
শহিদুল্লাহ চৌধুরী আজ রোববার উপজেলার কেরানীহাটে সংবাদ সম্মেলন করে বলেন, ‘২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন থেকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্ত ও কয়েকজন বহিরাগত সন্ত্রাসী আমাকে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি দিচ্ছেন। তা ছাড়া তাপস কান্তি দত্ত আমাকে ও আমার কর্মী-সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।’
মঈন উদ্দীন হাসান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, ‘২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী এলাকায় আমার কর্মী-সমর্থকেরা প্রচারণায় গেলে ও পোস্টার টাঙানোর সময় আওয়ামী লীগের প্রার্থীর মেজ ও ছোট ছেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাধা দেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে টাঙানো ও সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলেন। তা ছাড়া তাঁরা আমার আত্মীয়স্বজন, কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন।’
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে নৌকার দুই প্রার্থী তাপস কান্তি দত্ত ও রমজান আলী প্রথম আলোকে বলেন, তাঁরা কোনো প্রার্থীর প্রচারণায় বাধা ও হুমকি দিচ্ছেন না। আওয়ামী লীগের প্রার্থীদের জমজমাট প্রচারণা দেখে ওই দুই প্রার্থী আবোলতাবোল বকছেন।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখছে পুলিশ।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল প্রথম আলোকে বলেন, কিছু প্রার্থী তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলা ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ওই সব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউপিতে ভোট গ্রহণ হবে।