সাতকানিয়ায় আ.লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ধর্মপুরের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও তাঁর সন্ত্রাসী বাহিনী রাতের অন্ধকারে আমার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগসহ ভাঙচুর করেছে। গত ইউপি নির্বাচনে ইলিয়াছ চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় সন্ত্রাসী বাহিনী দিয়ে অপকর্ম করে গেছেন। তাই কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাঁকে এবার মনোনয়ন দেয়নি। তারপরও তিনি বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এলাকাকে অশান্ত করে তুলেছেন।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইলিয়াছ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, হুমকি-ধমকির কারণে তিনি নিজেই এলাকায় নেই। তা ছাড়া এখনো এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেননি। নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে ভাঙচুরের কথা পুরোপুরি মিথ্যা। তাঁরা নিজেরাই নিজেদের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে ভাঙচুর চালিয়ে তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আজ বুধবার সন্ধ্যায় মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।