সাতকানিয়ায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় হামলা, আহত ১৫
চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরীর প্রচারণার বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
হামলায় প্রচারণায় অংশ নেওয়া ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সোমবার বিকেলে উপজেলার সোনাকানিয়ার গারাংগিয়ার বদর সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বিদ্রোহী প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরী, তাঁর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরী, মকসুদুর রহমান, আমানুল হক, হোসাইন মোহাম্মদ, মোহাম্মদ ফারুক হোসেন, আবু সাঈদ হাসান, আবদুল গফুর। তাঁরা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিদ্রোহী প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী এ হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দীনের লোকজনকে দায়ী করেছেন। তবে জসিম উদ্দীন হামলার কথা অস্বীকার করে উল্টা তাঁর কর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন। তিনি সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক এবং বর্তমানে সাতকানিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বহর নিয়ে সোনাকানিয়ার গারাংগিয়ার বদর সিকদারপাড়া এলাকায় প্রচারণায় বের হন। এ সময় ৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ১০–১৫টি মোটরসাইকেলে করে একদল লোক লাঠিসোঁটা নিয়ে এসে বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরের অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর করেন।
মো. সেলিম উদ্দিন চৌধুরী বলেন, ‘সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গারাংগিয়ার বড় হুজুর ও ছোট হুজুরের কবর জিয়ারত শেষে গাড়িবহর নিয়ে প্রচারণায় বের হয়েছি। বদর সিকদারপাড়া এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থীর ভাই খোরশেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের বহরে হামলা চালিয়ে গাড়ি ভাংচুরসহ ১৫ নেতা-কর্মীকে আহত করেছেন।’
জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘বিদ্রোহী প্রার্থী সেলিম চৌধুরী ও আবু তাহেরের নেতৃত্বে আমার প্রচারণার গাড়িতে হামলা চালানো হয়। এতে সেলিম উদ্দিন নামের আমার এক কর্মী আহত হয়েছেন। তাঁকে লোহাগাড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উচ্ছ্বাস তালুকদার প্রথম আলোকে বলেন, মারামারির ঘটনায় আহত আট ব্যক্তিকে সোমবার সন্ধ্যার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে গারাংগিয়া বদর সিকদারপাড়ায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক পক্ষের প্রচারণার গাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।