সাতকানিয়ায় ইউপি নির্বাচনে প্রাণহানির ঘটনায় আরেকটি হত্যা মামলা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় নিহত হওয়ার ঘটনায় আরও একটি মামলা হয়েছে।
গত সোমবার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের সামনে গুলিতে নিহত আবদুস শুক্কুরের (৩০) ভাই মো. জুয়েল বাদী হয়ে আজ বৃহস্পতিবার এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে।
নগরের শুলকবহরের বাসিন্দা আবদুস শুক্কুর বাজালিয়া ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের পক্ষে নির্বাচনী কাজ করতে গিয়ে গত সোমবার নিহত হন।
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় একজন আটক রয়েছে। যাচাই-বাছাই করে নাম জানানো হবে। আমরা আসামিদের ধরার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘হয়তো কারও পক্ষে ভোট করতে শুক্কুর সাতকানিয়া এসেছিলেন। পরে সহিংসতায় মারা যান।’
শেষ ধাপের নির্বাচনে বাজালিয়া ইউনিয়নে ভোট গ্রহণের দিন ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল্লাহ চৌধুরীর অনুসারীদের সঙ্গে নৌকার তাপস কান্তি দত্তের অনুসারীদের বিভিন্ন কেন্দ্রে মারামারির ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ২ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের গুলিতে আবদুস শুক্কুর নিহত হন।
আবদুস শুক্কুরকে তাপস তাঁর কর্মী বলে দাবি করেছেন। গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গের সামনে তাপস নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে যান। এ সময় তিনি আবদুস শুক্কুরকে শহীদুল্লাহর লোকজন হত্যা করেছে উল্লেখ করে তাঁকে (শহীদুল্লাহ) দেখে নেবেন বলে স্বজনদের জানান।
একই দিন নলুয়া ইউনিয়নে মরফলা বোর্ড অফিস ভোটকেন্দ্রের পাশে মো. তাসিব (১৩) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। ভোটকেন্দ্রে ত্রাস সৃষ্টি করতে গিয়ে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। এ ঘটনায় গতকাল বুধবার এই কিশোরের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে সাতকানিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অপর হত্যা মামলা করেন।
এদিকে নির্বাচনের দিন খাগরিয়া ইউনিয়নে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া এক আসামিকেও ধরতে পারেনি পুলিশ। এ ইউনিয়নে নৌকার প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।