সাতকানিয়ায় ইয়াবা বড়িসহ ৪ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় স্যান্ডেল ও ট্রলি ব্যাগের ভেতরে ইয়াবা বড়ি পাচারের সময় গ্রেপ্তার চার রোহিঙ্গা নারী। গতকাল সাতকানিয়া থানায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ইয়াবা বড়িসহ ৪ রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জনার কেঁওচিয়া তেমুহনী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গা নারীরা হলেন কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরের বি-ব্লকের ৪২ নম্বর শেডের বাসিন্দা মো. জাফর আলমের স্ত্রী পারভিন আকতার (২০), মোহাম্মদ সজিবের স্ত্রী শফিকা বেগম (২২), ফজল আহমদের স্ত্রী দিলদার বেগম (৪২) ও তাঁর মেয়ে শওকত আরা (১৯)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জনার কেঁওচিয়া তেমুহনী এলাকার এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি এসি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পাশাপাশি আসনে বসা চার নারী যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ জোড়া স্যান্ডেল ও একটি ট্রলি ব্যাগের পাইপের ভেতর বিশেষ কায়দায় লুকানো ১৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান আরও বলেন, ওই চার রোহিঙ্গা নারী পরস্পরের আত্মীয়। তাঁরা কক্সবাজার থেকে ইয়াবা বড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।