সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ একজনের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে দগ্ধ হয়ে আহত মো. হেলাল উদ্দিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মো. হেলাল উদ্দিন সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চরপাড়া এলাকার মৃত আবদুশ শুক্কুরের ছেলে। তাঁর ১০ মাস বয়সী এক ছেলে ও চার বছর বয়সী একটি মেয়ে আছে। তিনি পেশায় গাড়িরচালক ছিলেন।
দগ্ধ ব্যক্তির পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে খালেদা বেগম (৪৫) বাবার বাড়ির রান্নাঘরের গ্যাসের চুলার সঙ্গে গ্যাসভর্তি নতুন সিলিন্ডারের সংযোগ দিচ্ছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডারটির মুখে লিকেজ হয়ে হঠাৎ আগুন জ্বলে উঠে খালেদা দগ্ধ হন। পরে খালেদার চিৎকার শুনে স্বামী শাহ আলম (৫০), ছেলে মোহাম্মদ শাহনেওয়াজ (২৫), পাশের বাড়ির দেলোয়ার হোসেন (৪২) ও মো. হেলাল উদ্দিন রান্নাঘরে ছুটে গেলে তাঁরাও দগ্ধ হন।
পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ব্যক্তিদের প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার সকালে খালেদা, তাঁর ছেলে শাহনেওয়াজ, দেলোয়ার হোসেন ও হেলাল উদ্দিনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হেলাল উদ্দিনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন পৌরসভার স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল আলম।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল মজিদ ওসমানী প্রথম আলোকে বলেন, গ্যাস সিলিন্ডারে ধরে যাওয়া আগুনে একই পরিবারের তিনজনসহ পাঁচজন আহত হয়েছিলেন। দগ্ধ সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর ছিল। তিনি ঢাকায় মারা যান।