সাতকানিয়ায় ছুরিকাঘাতে দোকান কর্মচারীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ রকি (৩৫) নামের এক ফার্নিচার দোকানের কর্মচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনার বসুমতী দিঘি এলাকায় নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইনের ওপর তাঁকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ দুপুরে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ রকি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার আহমদ শফির ছেলে। তিনি সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা দোভাষীপাড়া এলাকায় মোহাম্মদ মনজুর আলমের ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রকিকে দুর্বৃত্তরা পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রকির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ফার্নিচার দোকানের মালিক মোহাম্মদ মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘রকি গত রমজান মাসের আগে আমার ফার্নিচারের দোকানে কর্মচারী হিসেবে যোগ দেন। গতকাল রাত আটটার দিকে বাড়িতে যাওয়ার জন্য তিনি বেতন বাবদ কিছু টাকাও নিয়েছিলেন। গভীর রাতে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে বলে খবর পেয়েছি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলাউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল ভোর সাড়ে চারটার দিকে কয়েকজন লোক ছুরিকাঘাতে গুরুতর আহত মোহাম্মদ রকিকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। আজ সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ফার্নিচার দোকানের কর্মচারী রকিকে ছুরিকাঘাতে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফার্নিচার দোকানের ওই কর্মচারী মুঠোফোনে অনলাইনে গেম খেলতেন। গতকাল রাতেও ঘটনাস্থলের পাশে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে বসে গেম খেলছিলেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই কিশোরকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।