সাতকানিয়ায় ধানখেতে পড়ে ছিল মৃত বন্য হাতি
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মৃত বন্য হাতি উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাইরতলী গ্রামের মইত্তাতলী পাহাড়ি এলাকার একটি ধানখেত থেকে মৃত হাতিটি উদ্ধার করা হয়।
বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ থেকে ১০ দিন আগে থেকে সাইরতলী গ্রামের পাহাড়ি এলাকায় একটি বাচ্চাসহ মা হাতিকে চলাচল করতে দেখা যায়। শনিবার সকাল সাতটার দিকে স্থানীয় কয়েকজন কৃষক মইত্তাতলী পাহাড়ি এলাকার ধানখেতের মধ্যে মৃত মাদি হাতি পড়ে থাকতে দেখেন। তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। এরপর খবর পেয়ে পুলিশ, বন বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাইরতলী গ্রামের মইত্তাতলী পাহাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, হাতিটির শুঁড় থেকে রক্ত বের হয়ে জমাট বেঁধে আছে। ঘটনাস্থলের পশ্চিম পাশে বনাঞ্চল ও গাছের মধ্যে হাতি তাড়ানোর একটি টংঘর। আর পূর্বে আমন ধানের খেত।
বন বিভাগের সাতকানিয়ার মাদার্শা কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া বলেন, মারা যাওয়া মাদি বন্য হাতিটির আনুমানিক বয়স ৬০ বছর। হাতিটির শুঁড়ে আঘাতের দাগ দেখা গেছে। বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজনসহ একজন পশু চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছেছেন। ময়নাতদন্তের ফল পাওয়ার পর হাতিটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।
গত বছরের নভেম্বরে লোহাগাড়া উপজেলার চাকফিরানী এলাকার ধানখেতের পাশ থেকে গুলিবিদ্ধ একটি পুরুষ হাতি উদ্ধার করা হয়। ২০১৭ সালে কুমিরাঘোনার মরিচ্ছা টিলা এলাকায় বৈদ্যুতিক ফাঁদে আটকে মা ও একটি বাচ্চা হাতির মৃত্যু হয়।