সাতকানিয়ায় নির্বাচনে নিহতদের লাশের অপেক্ষায় মর্গের সামনে স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ায় নির্বাচনী সংঘাতে নিহত স্কুলছাত্র তাসিবের লাশের অপেক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সামনে অপেক্ষায় তার বাবা জসিম উদ্দিন
ছবি: সৌরভ দাশ

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিহত দুজনের মরদেহের ময়নাতদন্ত চলছে। আজ মঙ্গলবার সকালে লাশ দুটি সাতকানিয়া থানা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। গতকাল সোমবার নির্বাচন চলাকালে উপজেলার নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে সহিংসতায় তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন নগরের শুলকবহরের বাসিন্দা আবদুস শুক্কুর (৪০) ও নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের স্কুলছাত্র মো. তাসিব (১৩)। শুক্কুর বাজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস কুমার দত্তের হয়ে ভোট করতে গিয়েছিলেন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ডোম কদম আলী বলেন, সকালে লাশ দুটি আনা হয়। এখন ময়নাতদন্ত চলছে। দুইটার দিকে লাশ দিয়ে দেওয়া হবে।

ছেলে তাসিবের লাশের জন্য বাইরে অপেক্ষা করছিলেন রিকশাচালক জসিম উদ্দিন। চোখমুখ ফোলা জসিমের। অনেকটাই নির্বিকার তিনি। শুধু একবার বললেন, ‘আমার কোনো অভিযোগ নেই। আমি কারও বিরুদ্ধে মামলা করব না। আমার ছেলের এই পরিণতি মানতে পারছি না।’

শিশু তাসিব নলুয়া ইউনিয়নে তার বাড়ির কাছের ভোটকেন্দ্রের পাশে দাঁড়িয়ে ছিল। তখন নৌকার প্রার্থী লিয়াকত আলীর লোকজন শিশুটিকে প্রতিপক্ষ মনে করে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আর বাজালিয়া ইউনিয়নে ভোট চলাকালে দুই নম্বর বোর্ড অফিস কেন্দ্রের দখল নিতে নৌকার প্রার্থী তাপস কুমার দত্ত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল্লাহ চৌধুরীর কর্মী-সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এ সময় গুলিবিদ্ধ হন শুক্কুর। তাঁকে উদ্ধার করে সাতকানিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্কুরের লাশ নিতে হাসপাতালের মর্গে আসেন তাঁর বড় ভাই মো. হানিফ। তিনি বলেন, নগরের শুলকবহর এলাকায় যৌথ পরিবারে তাঁদের বসবাস। চার ভাইয়ের মধ্যে শুক্কুর সবার ছোট। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। শুক্কুর ভাসমান হকার, কাপড়চোপড় বিক্রি করতেন। এ ছাড়া ফটিকছড়িতে একটি মুরগির খামার রয়েছে। বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সে সাতকানিয়ায় গেছে বলে বড় ভাই হানিফের ধারণা।

যাঁর হয়ে নির্বাচন করতে গিয়েছিলেন শুক্কুর, সেই নবনির্বাচিত চেয়ারম্যান তাপস কুমার দত্ত মর্গের সামনে স্বজনদের সান্ত্বনা দিতে আসেন। এ সময় তিনি স্বজনদের উদ্দেশে বলেন, ‘আমি তাকে (প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদুল্লাহ) দেখে নেব।’

গতকাল সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। অস্ত্র নিয়ে ছুটোছুটি করেছেন নৌকা ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীরা। অন্তত ছয়টি ইউনিয়নে গোলাগুলির ঘটনা ঘটেছে।