সাতকানিয়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমিছিল
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা ও পৌরসভার তৃণমূল বিএনপির ব্যানারে আজ রোববার বেলা ১১টার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা ম্যারেজ হাউস কমিউনিটি সেন্টার থেকে একটি ঝাড়ুমিছিল শুরু হয়, যা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকা প্রদক্ষিণ করে। পরে কেরানীহাটের গরুর বাজার এলাকায় সমাবেশ হয়।
উপজেলা বিএনপি নেতা আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাফেজ আহমদ, সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম, উপজেলা কৃষক দলের সভাপতি মনজুর আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ শফি, ঢেমশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও বিএনপি নেতা মো. বাবুল।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার জামাল হোসেনকে আহ্বায়ক ও গোলাম রাসুল মুস্তাককে সদস্যসচিব করে সাতকানিয়া উপজেলা বিএনপি এবং শওকত আলী চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবদুর রহিমকে সদস্যসচিব করে সাতকানিয়া পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্যসচিব মোস্তাক আহমদ খান স্বাক্ষরিত এ কমিটি গঠিত হয়। ৫১ সদস্যবিশিষ্ট এ দুটি কমিটি গত ২৪ এপ্রিল স্বাক্ষরিত হলেও বিরোধের কারণে এত দিন ঘোষণা না করে গত শনিবার ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, হাইব্রিড ও দলের দুঃসময়ে যাঁরা কোনো কর্মসূচি পালনে ছিলেন না, তাঁদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। তাই এ কমিটি বাতিল করে এক সপ্তাহের মধ্যে তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। না হয় তৃণমূলের নেতা-কর্মীরা ঘোষিত কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।