সাতকানিয়ায় বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়
সাতকানিয়ায় বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের কেউ এর প্রতিবাদ করলে চালক ও সহকারীরা লাঞ্ছিত করছেন।
যাত্রীদের অভিযোগ, সাতকানিয়া-চট্টগ্রাম, সাতকানিয়া-কেরানীহাট ও ডলুসেতু-ফুলতলা রুটে যাত্রী হয়রানি এখন চরমে। এসব রুটে চলাচল করা বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার চালক ও সহকারীদের কাছে যাত্রীরা অনেকটা জিম্মি হয়ে আছে। তাঁরা ভাড়া আদায় করেন ইচ্ছেমতো।
কেরানীহাট এলাকার বাসিন্দা মনির আহমদ (২৭) জানান, কেরানীহাট থেকে ফুলতলার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া জনপ্রতি ৩৫ টাকা, অথচ চালক দাবি করেন ১০০ টাকা। অটোরিকশায় ওঠার আগেই বলে দেওয়া হয় বাড়তি ভাড়ার কথা। তার পরও বাধ্য হয়ে চলাফেরা করতে হচ্ছে।
চট্টগ্রাম শহরে নিয়মিত যাতায়াতকারী সাতকানিয়া সদর এলাকার বাসিন্দা নাছির উদ্দিন (৪০) বলেন, সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরের ভাড়া ৭০ টাকা, অথচ মাইক্রোবাসের চালক ২০০ টাকা করে দাবি করছেন। এ ছাড়া রিজার্ভের কথা বলে যাত্রী উঠিয়ে পথে পথে থামান। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের এ ব্যাপারে নজর দেওয়া উচিত।
জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা জানান, সাতকানিয়ার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের ভাড়া নির্ধারণ করা আছে। কোনো চালক অতিরিক্ত ভাড়া আদায় করে থাকলে অথবা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী নেওয়া যায়।
বাসচালক হেলাল উদ্দিন (৪৮) যাত্রীদের হয়রানির বিষয় অস্বীকার করে বলেন, ঈদের আগে-পরে ভাড়া বাড়িয়ে নেওয়া হয়।
কেরানীহাট মাইক্রেবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বলেন, ‘চালক ও সহকারীদের বলা আছে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য। তার পরও তারা নিচ্ছে কি না, আমাদের জানা নেই।’
সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র নওয়াব মিয়া বলেন, কোনো চালক বা সহকারী যাত্রীদের হয়রানি করে অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এ বাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।