সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও নয়জন মারা গেছেন। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই নয়জন মারা যান। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩১৩। জেলায় করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৬৬ জন।

চিকিৎসক জয়ন্ত সরকার আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক শূন্য ৪ শতাংশ। চলতি মাসে অবশ্য এটাই এক দিনে সর্বনিম্ন শনাক্তের হার। এর আগের ২৪ ঘণ্টার ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জন করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৩৮ শতাংশ।

জেলায় এ পর্যন্ত ১২ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ২৫ দশমিক ৯১ শতাংশ। তবে চলতি মাসের প্রতিদিন শনাক্তের হার অনেক বেশি দেখা যাচ্ছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮২৩। এর মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১ জন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সরকারি-বেসরকারি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩৭৪ জন।

জেলায় এ পর্যন্ত ১২ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ২৫ দশমিক ৯১ শতাংশ।

জেলায় ৫ জুন থেকে লাগাতার লকডাউন চলছে। লকডাউনের ২২তম দিনে আজ গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহন কমবেশি চলতে দেখা গেছে। শহরের কিছু কিছু দোকান খোলা রয়েছে।

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, ২৫০ শয্যা এই হাসপাতালে বর্তমানে করোনা সংক্রমিত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৮১ জন। লোকবল–সংকটের কারণে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। আরও রোগী বাড়লে হয়তো ভর্তি বন্ধ রাখতে হবে। না হলে চিকিৎসাসেবার মান কমে যেতে পারে।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, করোনা শনাক্তের হার ওঠানামা করছে। লকডাউন চতুর্থ দফায় বাড়ানো হলেও মানুষের মধ্যে সচেতনতা লক্ষ করা যাচ্ছে না। সাতক্ষীরা শহর ও উপজেলা শহরের বিপুলসংখ্যক মানুষ বাইরে বের হচ্ছে। গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহন কমবেশি চলাচল করতে দেখা যাচ্ছে। লকডাউন না মেনে দোকানও খুলছেন অনেকে। লকডাউন মেনে না চললে পরিস্থিতির উন্নতি ঘটানো যারপরনাই কঠিন হবে।

সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোহাম্মদ হ‌ুমায়ূন কবির বলেন, লকডাউন যাতে মানুষ মেনে চলেন, সে জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সর্বত্র ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালু রয়েছে।