সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলার দুটি ইউনিয়নের ভোটার তালিকার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারীদের বাদ দিয়ে ২০ নভেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। ইউনিয়ন দুটির ভোটার তালিকা ত্রুটিপূর্ণ দাবি করে শ্যামপুর উপজেলার রাজানগর ইউনিয়নের সদস্য নুরুজ্জামানসহ ১১ জন একটি রিট করেন।
একই উপজেলার কইখালী ইউনিয়নের ইউপি সদস্য আজিজ সর্দারসহ নয়জন অপর রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সিদ্দিকুল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, প্রকাশিত ভোটার তালিকায় দেখা যায়, নবনির্বাচিত সদস্যদের (ইউপি) ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে ২০১১ সালের সদস্যদের ভোটার তালিকায় রেখে ২০ নভেম্বর ওই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটার নন এমন ব্যক্তিদের ভোটার তালিকায় রাখা হয়েছে। হাইকোর্ট ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছেন। ফলে নতুন ভোটার তালিকা না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।