সাতক্ষীরা মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা কমলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজনের উপসর্গে ও একজনের করোনায় মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার উপসর্গে ৫১০ জন ও করোনায় ৮৩ জনের মৃত্যু হলো।

এ মাসের ২৫ দিনে করোনার উপসর্গে ১৬০ জন ও করোনায় ৯ জনের মৃত্যু হলো। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নমুনা সংগ্রহ না হওয়ায় গত শুক্রবার ও গতকাল শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ আরটি–পিসিআর ল্যাবে কোনো পরীক্ষা করা হয়নি।

কুদরত-ই-খোদা বলেন, হাসপাতালে জুনের শুরু থেকে ১৮ জুলাই পর্যন্ত রোগী ছিল ২৬৫ থেকে ২৮৫ জন। কিন্তু ১৯ জুলাই রোগী কমতে শুরু করে। ঈদকে সামনে রেখে অনেক রোগী সুস্থ অনুভব করায় চিকিৎসা সম্পন্ন না করেই নিজ দায়িত্বে ছুটি নিয়ে চলে যান। ফলে রোগী কমতে থাকে। আজ রোববার সকালে হাসপাতালে ১০ জন করোনা রোগীসহ ১৮১ জন রয়েছেন। ১৫ থেকে ২৩ জুন পর্যন্ত হাসাপালে এত কমসংখ্যক রোগী কখনো ভর্তি ছিল না। গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪২ জন।

কুদরত-ই-খোদা আরও বলেন, রোগীর সংখ্যা কমলেও মৃত্যু কমছে না। বিশেষ করে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে আটজন ও করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনার উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ ও করোনায় ৯। এ পর্যন্ত জেলায় উপসর্গে ৫১০ জন ও করোনায় ৮৩ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজে আরপি–পিসিআর ল্যাবে দায়িত্বে থাকা অভিজিৎ গুহ জানান, শুক্রবার ও গতকাল মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলার সাতটি স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য কোনো নমুনা সংগ্রহ করা হয়নি। আজ নমুনা সংগ্রহ করা হলে পরীক্ষা করা হবে।