সাতক্ষীরা মেডিকেলে করোনা ও উপসর্গে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই মাসের মধ্যে আজ শুক্রবার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর সংখ্যা ছিল সর্বনিম্ন ১৬৫। গতকাল বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ১৯২। এর আগে দুই মাসের মধ্যে ২২ জুলাই সর্বনিম্ন রোগী ভর্তি ছিল ১৮১ জন। ১৫ জুন থেকে ঈদের আগপর্যন্ত প্রতিদিন রোগী ভর্তি ছিল ২৬৫-২৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) এ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনার উপসর্গ নিয়ে ও একজন করোনায় মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে চলতি মাসের ৩০ দিনে মৃত্যু হলো ১৮৭ জনের। করোনায় মৃত্যু হলো ১১ জনের। জুনে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১২২ জনের ও করোনায় মৃত্যু হয়েছিল ২৮ জনের।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তর সূত্রে জানা গেছে, জুনের প্রথম থেকে সাতক্ষীরায় করোনা রোগী দ্রুত বাড়তে থাকে। ১৫ জুনের পর থেকে ২৫০ শয্যার হাসাপাতালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬৫-২৮৫। ঈদের পর দুই দিন ১৮১ ও ১৮৩ থাকলেও এরপর আবার রোগী বাড়তে থাকে। ২৬ ও ২৭ জুলাই রোগী ছিল ২০২ জন করে। বৃহস্পতিবার ২৯ জুলাই রোগী ছিল ১৯২ জন। কিন্তু রোগী কমে আজ শুক্রবার দাঁড়িয়েছে ১৬৫ জনে। এ সংখ্যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন।

পরিসংখ্যানে দেখা যায়, করোনায় মৃত্যু কমলেও উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে অনেক। এ পর্যন্ত জেলায় করোনার উপসর্গ নিয়ে ৫৩৬ জনের ও করোনয় ৮৫ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, হাসপাতালে রোগীর চাপ একটু কম। রোগীর সংখ্যা কমলেও উপসর্গ নিয়ে মৃত্যু কমছে না। আজও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
কুদরত-ই-খোদা আরও বলেন, শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ বেড়ে গেলে শেষ মুহূর্তে রোগীরা হাসপাতালে আসেন। এতে চেষ্টা করার আগেই অনেক ক্ষেত্রে রোগী মারা যাচ্ছেন। ফলে বেড়ে যাচ্ছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা।