সাতক্ষীরা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫১। এ সময়ে এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ওই আটজনের মৃত্যু হয়েছে। চলতি আগস্ট মাসের ১-৪ তারিখ পর্যন্ত এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। শুধু গত জুলাই মাসে উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮৯ জন। এর আগে জুন মাসে উপসর্গ নিয়ে মারা গেছেন ১২৬। অন্যদিকে এখন পর্যন্ত এ হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, তাঁদের হাসপাতালে ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও ১৫৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে ফিরে গেছেন ২৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩৫ শতাংশ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, জেলায় এ পর্যন্ত ২৩ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৯০ জনের। বর্তমানে করানোয় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১১৩। তাঁদের মধ্যে ২৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।