সাতক্ষীরা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার প্রতীকী ছবি

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে করোনার উপসর্গ নিয়ে ১৮৪ ও করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা বলছেন, যথাসময়ে চিকিৎসা না নেওয়ায় ও শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসার কারণে মৃত্যুর সংখ্যা কমছে না।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তর সূত্রে জানা যায়, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে উপসর্গ নিয়ে ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮৪ জনের। ওই কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে জেলায় ১ হাজার ১৮৮ করোনা রোগীর মধ্যে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মাত্র ২৫ জন। বাকি রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, করোনার উপসর্গ দেখা দেওয়ার পর অনেকেই চিকিৎসা নেন না। আবার অনেকে পল্লিচিকিৎসকদের পরামর্শ নিয়ে বাড়িতে চিকিৎসা নেন। শ্বাসকষ্ট দেখা দেওয়ার পাশাপাশি অক্সিজেনের মাত্রা যখন কমে আসে, তখন রোগীরা হাসপাতালে আসেন। তখন তাঁদের চিকিৎসা দিয়ে সুস্থ করা কঠিন হয়। তাঁদের মধ্যে অনেকে মারা যান। তার ওপর এ হাসপাতালে আইসিইউ শয্যাসংখ্যা আট। আইসিইউর জন্য থাকে লম্বা লাইন। অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালে আসার পরপরই প্রয়োজন থাকলেও রোগীকে আইসিইউতে নেওয়া যায় না। ফলে মৃত্যু কমানো যাচ্ছে না।

তিনি আরও বলেন, হাসপাতালে আরও ৮টি আইসিইউ শয্যা ও কমপক্ষে ১৫ জন চিকিৎসক দিলে আরও ভালো সেবা দেওয়া যেত।

আরটি–পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ
সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটি–পিসিআর ল্যাবে দূষণ ছড়িয়ে পড়ায় গত রোববার থেকে এখানে করোনা শনাক্তের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এ বিষয়ে আরটি–পিসিআর ল্যাবের দায়িত্বে থাকা চিকিৎসক অভিজিৎ গুহ বলেন, পিসিআর যন্ত্রে দূষণ ছড়িয়ে পড়ায় রোববার থেকে নমুনা পরীক্ষা করা যায়নি। আশা করা হচ্ছে, যন্ত্রটি দূষণমুক্ত করে দু-এক দিনের মধ্যে আবার পরীক্ষা করা যাবে।