সাতক্ষীরা মেডিকেলে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।

মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস মন্ডল জানান, গত রোববার জ্বর, শ্বাসকষ্ট ও ডায়ারিয়া নিয়ে ওই নারী (৩৮) মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান। এর আগে গতকাল দিনের বেলা সাতক্ষীরা শহরের একজন ও রোববার রাতে দেবহাটা সদর ইউনিয়নের একজন আইসোলেসনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে। মৃত ওই নারীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৪৭৩ জনের। ইতিমধ্যে ১ হাজার ২১ জনের প্রতিবেদন সিভিল সার্জন কর্যালয়ে এসে পৌঁছেছে।