সাতক্ষীরা মেডিকেলে জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে আজ এই হাসপাতালে দুজনের মৃত্যু হলো।
সন্ধ্যায় মারা যাওয়া ব্যক্তির নাম ওহেদ আলী (৬৫)। তিনি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস মণ্ডল জানান, জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওহেদ আলীকে গত বৃহস্পতিবার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল রোববার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর করোনাভাইরাস ছিল কি না, তা পরীক্ষার জন্য গত শনিবার নমুনা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। কিন্তু এখনো পরীক্ষার রিপোর্ট আসেনি।
এর আগে আজ সকাল সাতটার দিকে করোনা পজিটিভ রোগী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাফুজা সিদ্দিকা (৬৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, ওহেদ আলীর স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করতে বলা হয়েছে। তাঁর বাড়ি লকডাউন করা হবে।