সাতক্ষীরা মেডিকেলে টিকা না পেয়ে ফিরে যেতে হলো হাজারখানেক মানুষকে
সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনার টিকা না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর হাজারখানেক মানুষ ক্ষোভ ও চিৎকার-চেঁচামেচি করতে করতে ফিরে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দৃশ্য দেখা গেছে।
করোনা টিকা দেওয়ার দায়িত্বে থাকা নার্স শিরিন নাহার বলেন, সপ্তাহখানেক আগপর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন কমপক্ষে ৮০০ জনকে করোনার টিকা দেওয়া হতো। কয়েক দিন হলো টিকা না থাকায় প্রথম ডোজ বন্ধ রয়েছে। কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল। আজ সকাল সাড়ে সাতটা থেকে টিকা নেওয়ার জন্য অনেকে অপেক্ষা করতে থাকেন। আস্তে আস্তে ভিড় বাড়তে বাড়তে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ লোক টিকা নেওয়ার জন্য জড়ো হন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার নির্ধারিত স্থানে।
শিরিন নাহার বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে আজ দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য তাঁদের মাত্র ৩০০ ডোজ টিকা সরবরাহ করা হয়। তা মাত্র দেড় ঘণ্টায় সকাল ১০টার মধ্যে শেষ হয়ে যায়। এরপর টিকা না পেয়ে অন্যরা তাঁদের ওপর চড়াও হন। অনেকে ক্ষোভ প্রকাশ করে গালমন্দ করেন।
সাতক্ষীরা সিভিল সার্জন সাফায়াত হোসেন বলেন, টিকা নেই সাতক্ষীরায়। কয়েক দিনের মধ্যে নতুন টিকা পাওয়া যাবে। তখন অসুবিধা হবে না বলে আশা করছেন তিনি।
টিকা নিতে আসা সাতক্ষীরার খানপুর এলাকার রহমত আলী বলেন, তিনি একজন দিনমজুর। টিকা নিতে আসায় তিনি আজ কাজে যেতে পারেননি। তাঁকে টিকা নিতে আসতে বলে মেসেজ দেওয়া হয়েছে। এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বলা হচ্ছে, টিকা নেই। তিনি প্রশ্ন রাখেন, তাঁর এই ক্ষতি করার অর্থ কী?
সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার আমিনুর রহমান বলেন, তাঁকে মেসেজ দিয়ে আজ ভ্যাকসিন নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ কেন্দ্রে আসতে বলা হয়েছে। এ জন্য তিনি চাকরি থেকে ছুটি নিয়েছেন। সকাল ১০টার দিকে আসার পর শোনেন, টিকা নেই, এ জন্য দেওয়া যাবে না। তাঁর এক দিনের ছুটি নষ্ট হলো।
সাতক্ষীরা সিভিল সার্জন সাফায়াত হোসেন বলেন, টিকা নেই সাতক্ষীরায়। দুই হাজার ডোজ টিকা অন্য জেলা থেকে বিশেষ অনুরোধ করে নিয়ে আসা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় পাঠানোর পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ ডোজ দেওয়া হয়েছিল। কয়েক দিনের মধ্যে নতুন টিকা পাওয়া যাবে। তখন অসুবিধা হবে না বলে আশা করছেন তিনি।