সাতক্ষীরা মেডিকেলে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
সাতক্ষীরা জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় ও সাতজন উপসর্গ নিয়ে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৬৭ জন। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩২৮ জনের। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
সাতক্ষীরা সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, জেলায় করোনা আক্রান্তের হার ওঠানামা করছে। একদিন কমছে, তো পরের দুদিন আবার বাড়ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৮ জন।
চতুর্থ দফা চলমান লকডাউনের ২৫তম দিনেও মানুষের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই বলে মন্তব্য করেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার। তিনি আরও বলেন, চলছে ঢিলেঢালা লকডাউন। শহর ও গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে মানুষের ভিড় লক্ষণীয়। লকডাউনের নামে সড়কে যেন চলছে লুকোচুরি। ভারী যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। শহরের অধিকাংশ দোকানপাটে চুরি করেই চলছে বেচাকেনা। পুলিশের বাধা মানছে না কেউই।
জেলা সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলার সাতটি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।