সাতক্ষীরা সীমান্তে ভ্যানচালকের দেহ তল্লাশি করে মিলল ৩০ ভরি সোনা
ভারতে পাচারকালে সাতক্ষীরায় ৩০ ভরি ওজনের তিনটি সোনার বারসহ সাহেব আলী (৪৫) নামের একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।
আটক সাহেব আলী সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের বাসিন্দা। জব্দকৃত সোনার বারের মূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, কুশখালী সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচারের খবরের ভিত্তিতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি কমান্ডার ল্যান্সনায়েক সাহেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গতকাল বিকেলে ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যার দিকে কুশখালী সীমান্তের ছয়কুরো নামক স্থানে সন্দেহজনক গতিবিধির জন্য একজন ভ্যানচালককে একটি ভ্যানসহ আটক করে। এরপর ভ্যানচালক সাহেব আলীর দেহ তল্লাশি করে ৩০ ভরি ওজনের তিনটি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবি সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, এ ঘটনায় বৈকারী বিওপি কমান্ডার ল্যান্সনায়েক সাহেদুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন। আটক সাহেব আলীকে থানায় সোপর্দ করা হয়েছে।