সাতক্ষীরার এক আদালতে এক দিনে ৫১ মামলার রায় ঘোষণা
সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মো. সালাহ উদ্দীন এক দিনে ৫১ মামলার রায় ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার এসব মামলার রায় ঘোষণা করা হয়। সাতক্ষীরার আদালতে এর আগে এক দিনে কখনো এত মামলার রায় ঘোষণার নজির নেই বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা।
আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা, চুরি, যৌতুক ও মারামারির ৫১টি মামলার রায় ঘোষণা করা হয়। এর মধ্যে আটটি মামলায় আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বাকি ৪৩টি মামলায় সব আসামিকে খালাস প্রদান করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মো. সালাহ উদ্দীন আজ রায় ঘোষণার জন্য ৫৭টি মামলা প্রস্তুত রেখেছিলেন। আদালত চলাকালে এসব মামলার মধ্যে ৫১টি মামলার রায় ঘোষণা করেন বিচারক।
বিচারক মো. সালাহ উদ্দীন গত ৫ ডিসেম্বর সাতক্ষীরায় জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর একটি মাদক মামলায় এক আসামিকে দেওয়া সাজা প্রবেশন আইনের আওতায় স্থগিত করে নিজ বাড়িতে পারিবারিক পরিবেশে থেকে সংশোধন হওয়ার সুযোগ করে দেন তিনি। এরপর আজ একসঙ্গে ৫১ মামলায় রায় ঘোষণা করে আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষের নজর কাড়েন তিনি।
সাতক্ষীরা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল বদিউজ্জামান ও জিয়াউর রহমান ৫১টি মামলার রায় ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা দুজন বলেন, পেশাগত জীবনে তাঁরা সাতক্ষীরায় ৫১টি মামলার একসঙ্গে রায় ঘোষণার কথা শোনেননি।