সাতক্ষীরার একটি কেন্দ্রে সংঘর্ষে আ.লীগের প্রার্থীসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাড়ি ইউনিয়নে আগড়দাড়ি মাদ্রাসা কেন্দ্রে ভোটাদের লাইন। আজ সকালে
ছবি: প্রথম আলো

দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলায় বৈকারি ইউনিয়নের খলিলনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলায় আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামানসহ ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন চলছে।

বৈকারি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মেহেদি হাসানের ছেলে হাবিবুর রহমান অভিযোগ করেন, সকাল আটটার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান সদস্য প্রার্থী মঞ্জুর রহমানকে নিয়ে খলিলনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মো. মোস্তফা কামালের লোকজনকে কেন্দ্রে থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাধারণ ভোটাররা আসাদুজ্জামান, তাঁর গাড়িচালক রনি, ভাই আতাউর ও ছেলে হৃদয়কে মারপিট করেন।

হাবিবুর রহমান জানান, এ সময় বিদ্রোহী প্রার্থী আবু মো. মোস্তফা কামালের কর্মীদের ওপর নৌকা প্রতীকের কর্মী–সমর্থকেরা হামলা চালান। এতে তিনি, মোস্তাফিজুর রহমান, তাঁর বাবা মেহেদি হাসানসহ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তবে আসাদুজ্জামান দাবি করেন, তিনি সকাল সাড়ে আটটার দিকে খলিলনগর কেন্দ্রে তাঁর লোকজনের খোঁজখবর নিতে যান। গাড়ি থেকে নামার পরপরই আবু মো. মোস্তফা কামালের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান। এতে তিনিসহ ছয়জন আহত হন। তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবির জানান, সকালে বৈকারি ইউনিয়নে একটি ঘটনা ছাড়া অন্য কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। তিনি আরও জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৬০ জন নারী ও সাধারণ সদস্য পদে ৪৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।