সাতক্ষীরার করোনা হাসপাতালে ৫ ঘণ্টায় তিন নারীর মৃত্যু
করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাজপাতালে এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা পজিটিভ ফল এসেছে।
করোনার চিকিৎসার জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ ঘণ্টায় তিন নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়।
এই তিন নারী হলেন সাতক্ষীরা শহরের রিজিয়া খাতুন (৬২), রিনা বেগম (৪২) ও কলারোয়া উপজেলার জাহেদা খাতুন (৫০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস মন্ডল বলেন, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রিজিয়া খাতুন বুধবার সকালে হাসপাতালে আসেন। তাঁকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। বুধবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। রিনা বেগমকে তাঁর স্বজনেরা বুধবার দুপুর একটার দিকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে প্রথমে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তিনি মারা যান। কলোরোয়া থেকে জাহেদা খাতুন বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন। রাত একটার দিকে তিনি মারা যান। তাঁরা করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা জানতে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে। তাদের বাড়ি লকডাউন করতে প্রশাসনকে বলা হয়েছে।
করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাজপাতালে এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা পজিটিভ ফল এসেছে।