সাতক্ষীরার দুই সাংসদকে হত্যার হুমকি দেওয়ায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দুই সাংসদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়ায় দুজন গ্রেপ্তার হয়েছেন। সাতক্ষীরা পুলিশ লাইনসে বুধবার।
প্রথম আলো।

সাতক্ষীরার দুই সাংসদকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার বেলা একটার দিকে সাতক্ষীরা পুলিশ লাইনসে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বালিয়াডাঙ্গা বকুলতলা জামে মসজিদের ইমাম মনিরুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে ইউসুফ হোসেন (২১)। আজ ভোররাত চারটার দিকে গ্রাম থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আটটি মুঠোফোন, ২০টি সিমকার্ড, তিনটি মেমোরি কার্ড ও শতাধিক বই ও ভিডিও উদ্ধার করা হয়।

প্রেস বিফ্রিংয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গত রোববার সন্ধ্যায় সাতক্ষীরা-৩ আসনের (আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জের একাংশ) সাংসদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ (সদর) আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদের ছবি দিয়ে ‘আজরায়িল জান নেই’ নামের ফেসবুক আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হয়। সেখানে দুই সাংসদের ‘মাথার মূল্য কোটি টাকা’ ঘোষণা করা হয়। পরে একই পোস্ট ‘কালিমা মা’ নামের আরেকটি আইডি থেকে শেয়ার করা হয়।

এ বিষয়ে সাংসদেরা সাতক্ষীরা সদর থানায় গত সোমবার পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পুলিশ সুপারকেও বিষয়টি জানান। পুলিশ বিষয়টি সাইবার ইউনিটকে জানায়। পাশাপাশি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও গোয়েন্দা সংস্থা (ডিবি) পরিদর্শক ইয়াসিন আলীর নেতৃত্বে তদন্ত শুরু করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন। মনিরুল ও ইউসুফ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁদের কোনো পদ-পদবি নেই। ইউসুফের মা তাজমিরী বেগম জামায়াতে ইসলামীর একজন রুকন। তাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার জিয়াউর বিন সেলিম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন। গতকাল তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শামছুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেন, জেলা গোয়েন্দা সংস্থা (ডিএসবি) সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ও গোয়েন্দা সংস্থা (ডিবি) পরিদর্শক ইয়াসিন আলী।