সাতক্ষীরায় আসামিকে প্রবেশনে মুক্তি
‘মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন’—এমন প্রচার করাসহ আরও কয়েকটি শর্তে এক আসামিকে ছয় মাসের দেওয়া সাজা স্থগিত করে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মো. সালাহ উদ্দীন ওই আদেশ দেন।
ওই আসামি হলেন সদরের ঘোনা কাজীপাড়া গ্রামের খায়রুল ইসলাম (৩৬)।
আদালত সূত্রে জানা যায়, আসামি খায়রুল ১০০ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়ার পর সদর থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। খায়রুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ সময় খায়রুল নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন।
বিচারক মো. সালাহ উদ্দীন বিষয়টি আমলে নিয়ে খায়রুলের জীবনের প্রথম অপরাধ বিবেচনায় তাঁকে জেলখানায় দাগি আসামিদের সংস্পর্শে না রেখে শর্ত সাপেক্ষে নিজ বাড়িতে পারিবারিক পরিবেশে থেকে সংশোধন হওয়ার সুযোগ করে দেন।
বিচারক মো. সালাহ উদ্দীন আসামিকে দেওয়া ছয় মাসের সাজা স্থগিত করে জেলা প্রবেশন কর্মকর্তার জিম্মায় প্রবেশনে মুক্তির আদেশ দেন। একই সঙ্গে আসামিকে মাদকের সংস্পর্শে যাওয়া যাবে না ও মাদক সেবন করা যাবে না, মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে, এ–সংক্রান্ত ২০টি প্রচারপত্র কম্পিউটারে টাইপ করে জনসমাগমস্থলে লাগিয়ে দিতে হবে, নিজ এলাকায় পাঁচটি ফলদ বৃক্ষরোপণ করতে হবে, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে, ছেলেমেয়েদের পড়াশোনা করাতে হবে এবং মায়ের প্রতি যত্নশীল আচরণ করতে হবে—এমন শর্ত মেনে চলতে হবে।
আদালতের দেওয়া ওই সব শর্ত পালনে আসামি ব্যর্থ হলে তাঁর প্রবেশন বাতিল হবে ও পুনরায় সাজা ভোগ করতে হবে বলেও বিচারক তাঁর আদেশে উল্লেখ করেন। আসামি ওই সব শর্ত মানছেন কি না, জেলা প্রবেশন কর্মকর্তা প্রতি তিন মাসে দুবার করে আদালতে প্রতিবেদন দেবেন। প্রতিবেদন আদালতের কাছে সন্তোষজনক হলে সে ক্ষেত্রে আসামিকে ছয় মাসের সাজা থেকে চূড়ান্তভাবে মুক্তি দেওয়া হবে।
আদালতের বেঞ্চ সহকারী গোপাল মণ্ডল ও আইনজীবী খায়রুল বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।