সাতক্ষীরায় উদ্ধার পা ও মাথাবিহীন লাশটি মোসলেমার
বাংলাদেশ-ভারতের সীমান্ত নদী ইছামতীর সাতক্ষীরার ভাতশালা এলাকা থেকে উদ্ধার পা ও মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে। গতকাল মঙ্গলবার দেবহাটা থানায় গিয়ে লাশটি মেয়ে মোসলেমার বলে শনাক্ত করেন মা শাহীদা খাতুন। মোসলেমা সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের জমিরউদ্দিনের মেয়ে। গতকালই ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে পুলিশ ঘটনা তদন্ত করতে গিয়ে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ সীমান্তের ইছামতী নদীর চর থেকে নিহত নারীর দুটি কাটা পা উদ্ধার করেছে। তবে মাথা উদ্ধার করতে পারেনি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, গত সোমবার দুপুরে ইছামতী নদীর দেবহাটা উপজেলার ভাতশালা থেকে পা ও মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার মরদেহের পেটে একটি কালো পোড়া দাগ দেখে লাশটি মোসলেমার বলে শনাক্ত করেন মা।
শাহীদা খাতুনের ভাষ্য, সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের শহীদুলের সঙ্গে মোসলেমার ১০ বছর আগে বিয়ে হয়। শহীদুল মারা যান। ওই সংসারে তাঁর একটি মেয়ে আছে। ২০১৯ সালের মে মাসে সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে মোসলেমার বিয়ে হয়। বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে মোসলেমা গত বছরের মার্চে রফিকুলকে তালাক দিয়ে বিদেশে চলে যান। মোসলেমার মেয়েকে রফিকুল হত্যার হুমকি দিয়ে গত শনিবার তাঁকে বাড়িতে ডেকে নেন। গত রোববার তিনি বাবার বাড়ি আলীপুর গ্রাম থেকে মেয়েকে দেখতে হাড়দ্দহ গ্রামে যান। কিন্তু মেয়ের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। মায়ের অভিযোগ, মোসলেমাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যার পর পা ও মাথা কেটে লাশ গুম করার জন্য ইছামতী নদীতে ফেলে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে হাড়দ্দহ এলাকার ইছামতী নদীর চর থেকে মোসলেমার কাটা দুটি পা উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মোসলেমার লাশ তাঁর স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। লাশের অবশিষ্ট অংশ উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত নারীর মা শাহীদা খাতুন বাদী হয়ে মঙ্গলবার রাতে রফিকুলসহ পাঁচজনের নামে মামলা করেছেন। রফিকুল ইসলাম পলাতক আছেন।