সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান-চিকিৎসকসহ ৬ জনের করোনা শনাক্ত
সাতক্ষীরায় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনদ কুমার, এক চিকিৎসকসহ নতুন করে ছয়জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৯২২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
আজ বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ছয়জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একজন চিকিৎসক রয়েছেন।
জয়ন্ত সরকার জানান, এ পর্যন্ত জেলা থেকে ৪ হাজার ৫৮৫ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৯২২ জনের করোনা শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত ৭০৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২৬ জন।