সাতক্ষীরায় এক পরিবারের চারজনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলিষা গ্রামে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার দায়ে মামলার একমাত্র আসামি রায়হানুর রহমানকে (৩৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় দেন। একই আদেশে আসামিকে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিলের জন্য সময় দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, খলিষা গ্রামের শাহজাহানের বড় ছেলে শাহীনুর রহমান আট বিঘা আয়তনের জলাশয়ে পাঙাশ মাছের চাষ করতেন। মেজ ছেলে আশরাফ আলী মালয়েশিয়ায় থাকেন। ছোট ছেলে রায়হানুর রহমান বেকার ছিলেন। তিনি বড় ভাইয়ের সংসারে খাওয়াদাওয়া করতেন। সংসারে টাকা দিতে না পারায় শাহীনুর রহমানের স্ত্রী দেবর রায়হানুরকে মাঝেমধ্যে গালমন্দ করতেন। এরই জের ধরে গত বছরের ১৪ অক্টোবর রাতে ভাই মো. শাহীনুর রহমান (৪০), ভাবি সাবিনা খাতুন (৩০), তাঁদের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে সিয়াম হোসেন (১০) ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাসমিন সুলতানাকে (৮) চেতনানাশক খাওয়ান। ভোরের দিকে তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। তবে বেঁচে যায় ওই পরিবারের চার মাসের শিশু মারিয়া।
এ ঘটনায় নিহত শাহীনুরের শাশুড়ি কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের রাশেদ গাজীর স্ত্রী ময়না খাতুন বাদী হয়ে ঘটনার পরদিন ১৫ অক্টোবর একটি হত্যা মামলা করেন।
গত বছরের ২৪ নভেম্বর রায়হানুর রহমানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ বছরের ১৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
ওই পরিবারের বেঁচে থাকা একমাত্র শিশু মারিয়া বর্তমানে হেলাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাছিমা খাতুনের কাছে বড় হচ্ছে।
সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল লতিফ বলেন, হত্যাকাণ্ডের ১১ মাস পর মামলার রায় ঘোষণা করা হয়েছে। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে তিনি আশাবাদী।
আসামিপক্ষের আইনজীবী এস এম হায়দার আলী বলেন, মামলার পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর পর্যালোচনা করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।