সাতক্ষীরায় কঠোর বিধিনিষেধের মধ্যেই চলছে সব
সাতক্ষীরায় বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে। ঈদুল আজহার পর সারা দেশে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের প্রথম ও দ্বিতীয় দিনে শহরের কয়েকটি মোড়ে পুলিশের তল্লাশিচৌকি ছিল। প্রধান প্রধান সড়কে ছিল প্রতিবন্ধকতা। রোববার সাতক্ষীরা শহরে পুলিশের কোনো তল্লাশিচৌকি বা প্রতিবন্ধকতা ছিল না। সড়কগুলোতে মানুষ চলাচল করছে। শুধু নিত্যপণ্যের দোকান খোলা রাখার নির্দেশনা থাকলেও বিভিন্ন স্থানে অন্য পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখা হয়েছে। এতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং আজ রোববার সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন ও পুলিশের নমনীয়ভাব দেখা গেছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, মানুষকে সচেতন করার জন্য প্রতিদিন মাইকিং করা হচ্ছে। মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে। বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৩টি অভিযানে ৪৫টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরায় শহরে শহীদ নাজমুল সরণি, কাজল সরণি, থানা সড়ক, বড়বাজার; সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের ইটেগাছা, হাটের মোড় ছাড়াও আমতলা, নারকেলতলা ও সুলতানাপুর বড় বাজার, মিলবাজারে অধিকাংশ দোকান খোলা দেখা যায়। দোকানের এক শাটার খুলে ব্যবসায়ীরা বেচাকেনা করছেন।
জেলার বিভিন্ন এলাকায় জুতা, চশমা, শাড়ি–কাপড়, ফুল, কসমেটিকস, তৈরি পোশাক, মুদি, যন্ত্রাংশের দোকান, চা–স্টলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ এলে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার চলে গেলে দোকান খোলা হচ্ছে। এ চিত্র গুরুত্বপূর্ণ সড়কগুলোর। পাড়ামহল্লার সড়কগুলোতে কঠোর বিধিনিষেধের লেশমাত্র নেই। আজ শুধু জেলা শহরের নিউমার্কেট মোড় দুজন এবং ইটেগাছা মোড়ে একজন পুলিশকে টহল দিতে দেখা গেছে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শহরের পুলিশ কম থাকার কথা নয়। দায়িত্ব ভাগ করা থাকে পুলিশের। কাগজপত্র না থাকলে পুলিশ গাড়ি আটক করতে পারে। মোটরসাইকেল কিংবা মাহিন্দ্রা, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান—এসব আটক করলে জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের তদবিরের শেষ থাকে না। মানুষ সচেতন না হলে কোনো কিছুই সফল কার যায় না। এরপরও পুলিশ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি তিনি দেখবেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।
শহরের সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের করিম সুপার মার্কেটের সামনে চিংড়ি পোনার রেণু বিক্রি হচ্ছে। সেখানে কোনো ধরনের সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজার মোড় ও তুফান মোড় থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে যাত্রী বহন করা হচ্ছে। করোনার আগের ভাড়ার চেয়ে দ্বিগুণ নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে।
সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের ইউনাইটেড কমার্শিাল ব্যাংকের (ইউসিবি) সামনে থেকে সকাল থেকে রাত পর্যন্ত মাইক্রোবাসে ঠাসাঠাসি করে যাত্রী নিয়ে যাচ্ছে শ্যামনগর উপজেলা সদরে। একই এলাকা থেকে একটি মহিন্দ্রায় ১০ জন করে যাত্রী নিয়ে গাদাগাদি করে বসে যাচ্ছে কুলিয়া ও ভোমরা বন্দরে। খুলনা মোড় থেকে একইভাবে যাচ্ছে মাহিন্দ্রা পাটকেলঘাটা ও খুলনার চুপনগরে।
ইউসিবি ব্যাংকের সামনে কাজী আনিছুজ্জামান নামের এক ব্যবসায়ী জানান, কঠোর বিধিনিষেধের মধ্যে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এ ব্যাংকের সামনে থেকে গাদাগাদি করে মাইক্রোবাস ও প্রাইভেট কারে যাত্রী নিয়ে যাচ্ছে শ্যামনগরে। তাঁদের কেউ বাধা দিচ্ছে না।
কামালনগর এলাকার বাসিন্দা খলিলুর রহমান জানান, সকাল থেকে রাত পর্যন্ত এক মাহিন্দ্রায় ১০ জন করে যাত্রী নিয়ে যাচ্ছে কুলিয়া, পারুলিয়া ও ভোমরা বন্দরে। পাশেই পুলিশের টহল দল থাকলেও তারা বাধা দিচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে একজন মাইক্রোবাসের চালক ও একজন ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক বলেন, ‘ভাই, আমরা জানি করোনা ভয়াবহ এক রোগের নাম। কিন্তু গাড়ি না চালালে যে সংসার চলে না। তাই ঝুঁকি জেনেও চালাচ্ছি।’
শহীদ নাজমুল সরণির চায়ের দোকানদার আবদুর রব জানান, ‘দোকান না খুললে চলব কেমন করে।’