সাতক্ষীরায় করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৯৬ জনের মৃত্যু হলো। জেলায় করোনা শনাক্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৭৬ জন।

২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৩৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ।

সাতক্ষীরা জেলায় গত ৫ জুন থেকে টানা ৩৪ দিন লকডাউন চলছে। এরপরও জেলায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা।

সাতক্ষীরা সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪০ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও হাসপাতাল মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৬১ জন চিকিৎসাধীন।

সাতক্ষীরা জেলায় গত ৫ জুন থেকে টানা ৩৪ দিন লকডাউন চলছে। এরপরও জেলায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। শহরের বড় বড় বিপণিবিতান আর অফিস বন্ধ থাকলেও দুদিন ধরে অন্যান্য দোকান খোলা থাকছে। ম্যাজিস্ট্রেট আসার আগেই দোকানিরা সংকেত পেয়ে শাটার বন্ধ করে দিচ্ছেন। ম্যাজিস্ট্রেট চলে যেতেই আবার খোলা হচ্ছে দোকান। গণপরিবহন না চললেও বিপুলসংখ্যক মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, ইঞ্জিনচালিত ভ্যান, মাহিন্দ্র শহরে চলাচল করছে।