সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তির নাম আবদুল খালেক (৬৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শাখরা কোমরপুর এলাকার বাসিন্দা। তাঁকে নিয়ে এ জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬০ জন মারা গেলেন। আর করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩১ জন।
সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, হৃদরোগসহ করোনার নানা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গতকাল বৃহস্পতিবার এ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।