সাতক্ষীরায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন ও একটি বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৭০। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৪১০। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা জেলায় ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ২৭ দশমিক ৫ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সাতক্ষীরা জেলায় আজ বুধবার লকডাউনের ২৬তম দিনে গণপরিবহন ছাড়া সবকিছু চলে স্বাভাবিকভাবে। বড় কয়েকটি বিপণিবিতান ছাড়া সবই খোলা দেখা যায়। শহরের বাজারগুলোতে ছিল না সামাজিক দূরত্ব। দুপুর ১২টায় শহরের কয়েকটি এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, গতকাল মঙ্গলবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে একজন করোনায় সংক্রমিত হয়ে ও সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ছাড়া সাতক্ষীরা শহরের বেসরকারি হাসপাতালে একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৮৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮১৬। এর মধ্যে ৪২ জন সরকারি–বেসরকারি হাসপাতালে এবং অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।