সাতক্ষীরায় ধানখেতে পড়ে ছিল ২ যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি ধানখেতে পড়ে ছিল দুই যুবকের লাশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শোভনালী এলাকার ধানখেত থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুই যুবক হলেন শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে রশিদ মোল্লা (২৩) ও একই এলাকার রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২০)।

শোভনালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল হান্নান পাড় বলেন, গোদাড়া গ্রামের কবির হোসেন তাঁদের জমিতে ধান চাষ করেন দীর্ঘদিন ধরে। তিনি ইঁদুর মারতে ধানখেতে জিআই তারের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন। আজ সকালে ধানখেতে গিয়ে তিনি দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পাশে একটি মৃত শিয়ালও পড়ে ছিল।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুজনের শরীর ঝলসানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধানচাষি কবির হোসেনকে আটক করা হয়েছে।