সাতক্ষীরায় পুলিশের ভুয়া স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকা থেকে পুলিশের ভুয়া স্টিকার লাগানো প্রাইভেট কার ও প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার ভোর সাড়ে চারটার দিকে শহরের মিলবাজারসংলগ্ন সুন্দরবন টেক্সটাইলস মিলের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার মাহফুজ আরিফু (২৮), শহরের বাটকেখালী রামদেবপুর এলাকার রায়হান বিপ্লব (২৮) ও শহরের গড়েরকান্দা এলাকার আনিছ গাজী (৩৫)।

র‌্যাব-৬–এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন দুপুর সাড়ে ১২টায় প্রেস ব্রিফিংয়ে জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী প্রাইভেট কারে করে ইয়াবার একটি বড় চালান নিয়ে খুলনা থেকে সাতক্ষীরা উদ্দেশে রওনা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে সাতক্ষীরা শহরের মিলবাজারসংলগ্ন সুন্দরবন টেক্সটাইলস মিলের ১ নম্বর গেটের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়।

পরে ভোর সাড়ে চারটার দিকে সেখান থেকে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ৩ হাজার ৪৩০টি ইয়াবা বড়ি, ৫টি মুঠোফোন, ৬টি সিম কার্ড, ৫ হাজার ১০০ টাকাসহ পুলিশের স্টিকার লাগানো ভুয়া পরিচয় বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ইশতিয়াক হোসাইন আরও জানান, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হবে।