সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তাসহ ১২ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরায় দুই ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ১২ জন করোনা ‘পজিটিভ’ হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাতে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় মোট ৯৭ জনের দেহে করোনা শনাক্ত হলো।

করোনায় সংক্রমিত দুই ব্যাংক কর্মকর্তার মধ্যে একজন কলারোয়া উপজেলার বাসিন্দা। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। অপরজন কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি অপর একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। সংক্রমিত অন্য ১০ জনের মধ্যে পাঁচজনের বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল, পুরাতন সাতক্ষীরা ও ইটেগাছা এলাকায়। বাকি পাঁচজনের মধ্যে দুজনের বাড়ি কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমুলিয়া ও কৃষ্ণনগর ইউনিয়নে, দুজনের বাড়ি কলারোয়া সদরে ও একজনের বাড়ি তালা সদরে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরা থেকে মোট ১ হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৩৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন তাঁদের কার্যালয়ে এসে পৌঁছেছে।